Home জাতীয় অপরাধ থানা হেফাজতে আসামির মৃত্যুর গুজবে হামলা, আহত এএসআই কান্নায় ভেঙে পড়লেন
অপরাধআইন-বিচার

থানা হেফাজতে আসামির মৃত্যুর গুজবে হামলা, আহত এএসআই কান্নায় ভেঙে পড়লেন

Share
Share

বরিশালের আগৈলঝাড়া থানায় হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের হামলায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনসহ অন্তত ১২ জন আহত হন।

তবে পুলিশ জানিয়েছে, যাকে ঘিরে মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল, সেই আসামি জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রিয়াজ ফকির (২৬) নামে এক যুবককে বুধবার (৮ জুলাই) চুরি ও মাদক-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা-পুলিশ। তার বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়।

পুলিশের দাবি, রাতে হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজেই লোহার গরাদে মাথা ঠুকতে থাকেন। থানা হেফাজতের সিসিটিভি ফুটেজেও এমন দৃশ্য দেখা গেছে বলে দাবি পুলিশের। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের পর এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা থানায় ঢুকে বিক্ষোভ ও হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান আহত হন। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত এএসআই আব্দুল হালিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ডিউটি অফিসারের কক্ষে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ মাদক মামলার এক আসামি থানায় মারা গেছে—এমন অভিযোগ তুলে আমার ওপর হামলা করা হয়।’ এ কথা বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে সংঘর্ষে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগমসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রিয়াজের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকির অভিযোগ করেন, তাঁদের ছেলেকে বিনা কারণে আটক করে পুলিশ মারধর করেছে। তাঁদের দাবি, ওই নির্যাতনের কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান। তিনি বলেন, গ্রেপ্তারের পর রিয়াজকে থানা হেফাজতে রাখা হয়েছিল। সেখানে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে একদল লোক থানায় হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান বলেন, রিয়াজ ফকির মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার গুরুতর কোনো আঘাত নেই। তবে মাথায় আঘাত রয়েছে।

ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কাউসার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬...

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে...

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

;