ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার স্থানীয় বাসিন্দা ও দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্রের অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হুথি গোষ্ঠী কিংবা মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, মারিব শহরের আকাশে আচমকা কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরের পশ্চিমাঞ্চলীয় সারওয়াহ এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায়। পরে মাঝআকাশে পরপর দুটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম প্ল্যাটফর্ম ‘ডিফেন্স লাইন’ জানিয়েছে, ড্রোনটির ধ্বংসাবশেষ মারিবের ওয়াদি জেলার পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকায় ছড়িয়ে পড়ে।
সামরিক বিশ্লেষকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ধ্বংসাবশেষের মধ্যে অন্তত দুটি ‘এজিএম-১১৪আর৯এক্স’ ক্ষেপণাস্ত্রের অংশ পাওয়া গেছে। এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিকভাবে ‘নিনজা মিসাইল’ নামে পরিচিত। এটি মার্কিন ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্রের একটি বিশেষ সংস্করণ, যা অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, উদ্ধার হওয়া অংশগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে যে ভূপাতিত চালকবিহীন বিমানটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন। এই ড্রোন সাধারণত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করা হয়।
উল্লেখ্য, ইয়েমেনে দীর্ঘদিন ধরেই মার্কিন বাহিনী বিভিন্ন কৌশলগত অভিযান পরিচালনা করে আসছে। একই সঙ্গে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতও সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
Leave a comment