চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলায় রানু আক্তার (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ড এলাকার বাচা মিয়ার মেয়ে এবং সেকান্দর হোসেনের স্ত্রী।
সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ডের গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘরের রান্নাঘরের বিমের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রানু আক্তারের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, রানু আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং গত দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। মানসিক অস্থিরতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a comment