সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত প্রায় দুই শত বছরের পুরাতন বুধহাটা বাজার বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজার সংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে, ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত বুধহাটা বাজার এলাকার পাশেই খনন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে নদীর স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে ধাবিত হয়েছে এবং গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।
এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ পাড় ধসে পড়ে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, কেবল বালুর বস্তা ফেলে এই ভাঙন ঠেকানো সম্ভব নয়। দ্রুত নদীর অন্য পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a comment