সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সিলেট দক্ষিণ সুরমা বিএডিসি) এবং ডিএই-এর আয়োজনে, সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সীতারামী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের কারণে বহু এলাকায় কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাসিয়া ও গিরগিটি নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকায় চলমান এই কাজ সম্পন্ন হলে ১০ হাজার মানুষ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় রাস্তা সংস্কারের বিষয়েও তিনি কথা বলেন। দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে এমপি বলেন, নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন। সম্প্রতি মঙ্গলবাজার, দরাদরপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন তিনি।
এম এ মালিক বলেন, জনগণ বিএনপি পরিবারকে বিপুল ভোটে বিজয়ী করেছে—তাদের প্রত্যাশা পূরণে সরকার ও দল একযোগে কাজ করবে। কৃষক ও সাধারণ মানুষের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

Leave a comment