সিলেট মহানগরীর জিন্দাবাজারের ওভারসিজ সেন্টার পুরো ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি পুরোনো এবং বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
রোববার (১ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই নির্দেশ দেন। জেলা প্রশাসক সারওয়ার আলম পুরো ওভারসিজ সেন্টার ঘুরে দেখেন এবং প্রতিটি দোকানকোঠা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পাশাপাশি দ্রুত তাদের জিনিসপত্র সরিয়ে নিতে বলেন।
ডিসি সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অনেক আগেই এ ভবনটির মেয়াদ পেরিয়েছে। এ অবস্থায় আপনাদের অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তা মানছেন না। উল্টো রিট করা হয়েছে।
তিনি বলেন, এতে কী লাভ হবে? কিছুই হবে না, শুধু সময় নষ্ট হবে। এই সময়টা আর নষ্ট করবেন না। রমজানের পরপরই ভবনটি ভাঙা হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। সবাই সহযোগিতা করলে এখানে নতুন ভবন হবে এবং নতুন ভবনে পুরোনো ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন।
তিনি আরও বলেন, এখন সিলেটের একজন মানুষ প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন ভাঙলে নতুন ভবন পাওয়াটা আমাদের জন্য সহজ হবে।

Leave a comment