সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোল সদর দপ্তরে ই-মেইলের মাধ্যমে এই তথ্য অনুসন্ধান আবেদন পাঠানো হয়।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায় যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন। গণমাধ্যমের এই খবরের সত্যতা যাচাই ও তাঁর বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতেই এনসিবির এই উদ্যোগ। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টারপোলের কাছে পাঠানো চিঠিতে সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক অবস্থান সংক্রান্ত তথ্য দ্রুত সরবরাহের অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদ গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান এবং ৩০ জুলাই কারামুক্ত হন। পরবর্তীতে ১৭ আগস্ট তিনি দুবাই থেকে সেন্ট লুসিয়ায় গমন করেন। দেশটির গ্রোস আইসোলেট এলাকায় তাঁর একটি ফ্ল্যাট রয়েছে এবং সেখানে যৌথ বিনিয়োগের ভিত্তিতে তাঁর নাগরিকত্ব ও পাসপোর্ট রয়েছে বলেও সংবাদের দাবি। দুবাই থেকে কারামুক্তির পর স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তার বিচারে সেন্ট লুসিয়াকেই বেছে নেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইন্টারপোলের কাছ থেকে তথ্য পাওয়ার পরই বেনজীর আহমেদের অবস্থান সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। সেই তথ্যের ভিত্তিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে পরবর্তী কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সরকার।
Leave a comment