বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ড. হুমায়রা সুলতানা বর্তমানে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকবেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পালন করবেন।
একই আদেশে সরকার বিমানের আগের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় তার নিয়োগ বাতিল করা হয় বলে জানানো হয়েছে।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে একটি মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় মোট চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a comment