সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা বা পুল গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্ব এবং কিছু প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলা ভিত্তিক শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে এসব শিক্ষকদের সম্মানী প্রদান করার কথাও বলা হয়েছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a comment