আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং কোনো অবস্থাতেই তা জায়েজ হতে পারে না। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেফাজত আমির এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামা ও ধর্মীয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর কাছে এটি একটি সাধারণ নির্বাচন নয়, বরং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদর্শিক লড়াই। তিনি একে জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মওদুদির চিন্তাধারায় পরিচালিত জামায়াতে ইসলামীর সঙ্গে যারা রাজনৈতিক জোট করেছে, তারাও একই আদর্শের অংশীদার। তাঁর ভাষায়, জামায়াতের সঙ্গে হেফাজতের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং তারা দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। এ কারণে তিনি জামায়াতকে ‘বাতিল শক্তি’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক উত্থান ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ছাড়াও বিভিন্ন স্তরের আলেম সমাজের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হেফাজত আমিরের এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে নির্বাচনী মাঠে এর প্রভাব নিয়ে নানা আলোচনা চলছে।
Leave a comment