মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো এক গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপে অংশ নিয়েছেন। আলোচনায় ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ফোনালাপে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন। বিশেষ করে বেসামরিক স্থাপনায় হামলার বিরুদ্ধে ফ্রান্সের অবস্থান স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বারো। তিনি বলেন, চলমান সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই কার্যকর হতে পারে। অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। পাশাপাশি কনস্যুলার বিষয়গুলোতে নিয়মিত মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a comment