বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠী গ্রামে পূর্ববিরোধের জেরে রহমত শেখ (২৮) নামে এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আহত রহমত একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নৃশংস এ হামলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর অভিযুক্তরা তাকে ধরে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়।
সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। এতে তার দুই হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত ব্যক্তি কয়েকজনের নাম উল্লেখ করেছেন, সেই তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
ঘটনার পর সন্মানকাঠী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী, মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment