নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুসান্না গালিব মিম (২৮) এবং শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মিম বাড়িতে একাই থাকতেন। তার মা-বাবা অন্যত্র অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই এলাকায় শরিফের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়িতে অসুস্থ মা থাকলেও তিনি কিছু বুঝতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ধারণা, শরিফের মৃত্যু ঘটেছে সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, দুই যুবকই মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
Leave a comment