ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ৬টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের ‘সিটি করপোরেশন–১ শাখা’ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন— মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে প্রশাসনিক কার্যক্রম নতুনভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
Leave a comment