Home সাম্প্রতিক ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য
সাম্প্রতিক

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য

Share
Share

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা বাড়ছে বলে দাবি করেছে একাধিক সূত্র। দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করা, বিদেশে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সূত্রগুলোর দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের একটি অংশকে সংগঠিত করার চেষ্টা চলছে। আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে বিদেশে থাকা নেতাদের সঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।

নারায়ণগঞ্জের পলাতক আওয়ামী লীগ নেতা শামীম ওসমানও ডিসেম্বরে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

সূত্রের ভাষ্য, নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দিতে গত দুই সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কয়েকটি ঝটিকা মিছিল করেছেন। এর মধ্যে বনানী, ময়মনসিংহ, শরীয়তপুর, সাভার ও সুনামগঞ্জের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে।

এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে সব ইউনিটকে সতর্ক করে মাঠপর্যায়ে বার্তা দেওয়া হয়েছে। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির পুরো দলকে প্রত্যাহার করা হয়েছে। ওই দলে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ জন সদস্য ছিলেন।

বিশ্লেষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, জুলাই-আগস্টের গণহত্যার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে আওয়ামী লীগের দ্রুত দেশে ফিরে এসে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া সহজ হবে না। তাঁদের ধারণা, ডিসেম্বরকে সামনে রেখে তৎপরতা মূলত নেতা-কর্মীদের মনোবল ধরে রাখা ও রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হতে পারে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের শীর্ষ থেকে জেলা-উপজেলা পর্যায়ের অনেক নেতা দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের কারও কারও কাছে অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। তবে তা সফল হবে বলে তিনি মনে করেন না।

আব্দুল কাইয়ুম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। চরমপন্থী যোগাযোগ বা দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

গোয়েন্দা সূত্রের দাবি, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার কিছু নেতা-কর্মী বিদেশে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে এই যোগাযোগ হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের আড়ালে সরকারবিরোধী তৎপরতার জন্য অর্থ সংগ্রহের চেষ্টার তথ্যও পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।

পুলিশের একজন অতিরিক্ত আইজি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া মাঠপর্যায়ের কিছু পুলিশ কর্মকর্তার সঙ্গে বিদেশে অবস্থানরত সাবেক সরকারের কর্মকর্তা ও দলীয় নেতাদের যোগাযোগ রয়েছে বলে আলোচনা আছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, রাজধানীর কয়েকটি আবাসিক এলাকাকে আত্মগোপনের জন্য ব্যবহার করছেন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। তাঁদের মধ্যে ভাটারা, বনশ্রী, আফতাবনগর, মহানগর আবাসিক, খিলক্ষেত, নিকুঞ্জ, মোহাম্মদপুর, বসিলা, কামরাঙ্গীরচর, শনির আখড়া, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার নাম রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কেউ কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন বলেও সূত্রের দাবি। তাঁদের কেউ রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল বা অটোরিকশা চালাচ্ছেন, কেউ ব্যবসা করছেন। আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। কিছু অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগও রয়েছে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন গোয়েন্দারা। এসব ঘটনাকে সম্ভাব্য নাশকতার ইঙ্গিত হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, দেশে বিশৃঙ্খলা দেখা দিলে নিরাপত্তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তা বাহিনীর মধ্যে যে অস্থিরতা ও নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমানে তার অনেকটাই উন্নতি হয়েছে। জনগণের সহযোগিতায় যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করা সম্ভব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বিশেষ উদ্দেশ্যে কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, সে বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার বক্তব্য মূলত রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এবং নেতা-কর্মীদের চাঙা রাখার কৌশল হতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর রাতারাতি বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজনৈতিকভাবে ফিরে আসা সহজ নয়।

তিনি বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডের দায় এবং মানুষের ক্ষোভের মুখে আওয়ামী লীগ কীভাবে সাধারণ মানুষের সামনে দাঁড়াবে, সেটিই বড় প্রশ্ন। যে দল বা ব্যক্তিদের কারণে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, তারা সহজেই সাধারণ মানুষের আস্থা অর্জন করে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসতে পারবে—এমনটা মনে করার সুযোগ নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।...

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা, প্রমাণ মুছে ফেলেন মা

ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। পরে হত্যার আলামত...

Related Articles

মাছবাজারের বর্জ্য পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের রাজ্জাক হাওলাদার অ্যাকাডেমির শিক্ষার্থীদের...

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা...

‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে জয়সোয়াল

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’...

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর...