এমরান হোসেন, জামালপুর। জামালপুরের মাদারগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান- রবিবার দুপুরে বাড়ির পাশের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। এ সময় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে আমরা অনুমতি দিয়ে দিবো।
Leave a comment