জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে অংশ নিতে ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা উল্লেখ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা তাঁর ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। তাঁদের শেয়ার করা পোস্টে নিবন্ধনের জন্য একটি গুগল ফরমের লিংকও দেওয়া হয়েছে।
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আজম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভও করেন ওই ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
ওই ঘটনার পর ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশের পর গরু ভোজের এ কর্মসূচির ঘোষণা এল।
Leave a comment