বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মাইনুল আহসান নোবেল-কে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারি হলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ।
২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। অধিকতর তদন্তের জন্য আদালত মামলাটি পিবিআইকে দেয়। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেদিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে বলা হয়। সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন।
Leave a comment