ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘হানদালা হ্যাক টিম’-এর ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করেছে।
গোষ্ঠীটি জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও যুক্ত হয়েছে। তারা প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক বলে মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হ্যাকারদের সঙ্গেও যোগাযোগ করা হলেও তারাও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
হানদালা নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার গোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। তবে পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের মাধ্যমে ছদ্মনামে পরিচালিত একাধিক হ্যাকার গোষ্ঠীর একটি।
গত ১১ মার্চ গোষ্ঠীটি মিশিগানভিত্তিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’-এর ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল। সে সময় তারা প্রতিষ্ঠানটির বিশাল তথ্যভান্ডার মুছে ফেলার কথাও জানায়।
প্যাটেলের ই–মেইল থেকে ফাঁস হওয়া তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হানদালা যে জিমেইল ঠিকানাটি হ্যাকের দাবি করেছে, সেটির সঙ্গে ‘ডিস্ট্রিক্ট ৪ ল্যাবস’ নামের ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্মে সংরক্ষিত প্যাটেলের আগের ফাঁস হওয়া ঠিকানার মিল পাওয়া গেছে।
Leave a comment