লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের কঠোর মন্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।
শুক্রবার (১০ এপ্রিল) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, খাজা আসিফ ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ ও ‘মানবতার অভিশাপ’ বলে অভিহিত করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ইসলামাবাদে যখন শান্তি আলোচনা প্রস্তুতির মধ্যে রয়েছে, তখন পাকিস্তানের একজন শীর্ষ মন্ত্রীর এমন মন্তব্যকে ইসরায়েল তাদের রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি হিসেবে উল্লেখ করেছে। গত বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাজা আসিফ এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, “ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ।”
তিনি আরও বলেন, ইসরায়েল গাজা, ইরান এবং লেবাননে নির্বিচারে রক্তপাত ঘটাচ্ছে। তার এই মন্তব্য দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের আহ্বানের শামিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইসরায়েলি পক্ষ আরও দাবি করেছে, যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে, তাদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের অবস্থান শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেও উল্লেখ করা হয়।
এদিকে পাকিস্তান ও ইরানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও মাঠপর্যায়ে সহিংসতা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যস্থতাকারীরা বলছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য; তবে ওয়াশিংটন ও তেল আবিব তা অস্বীকার করছে।
লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এক হাজারের বেশি। গত ২ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে মোট প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়েছে।
ক্রমবর্ধমান এই প্রাণহানি এবং খাজা আসিফের কড়া মন্তব্য ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Leave a comment