জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে তাঁদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি। আমি আজ থেকে আর কোনো কথা বলব না। চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে।’
হবিগঞ্জের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় আগের রাতে মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনে মামলায় সংশোধনী আনা হবে।
এনসিপির এই নেতা আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলব না।’
তবে ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment