ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে সরাইল–নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার মীমাংসার জন্য সালিসে বসেন দুই পক্ষের লোকজন। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। টর্চলাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সরাইল–নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a comment