ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও ৩ বছর এবং মেয়ের বয়স ৭ বছর।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরদিন শনিবার (১৭ অক্টোবর) সকালে তাঁদের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তাঁরা ঘুমাতে যান। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় দেখতে পায়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Leave a comment