শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শোভাযাত্রার রুট
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির → পলাশী বাজার → জগন্নাথ হল → কেন্দ্রীয় শহীদ মিনার → দোয়েল চত্বর → হাইকোর্ট → বঙ্গবাজার → ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন → গোলাপ শাহ মাজার → গুলিস্তান মোড় → নবাবপুর রোড → রায় সাহেব বাজার মোড় → বাহাদুর শাহ পার্ক।
ডিএমপির ৯ নির্দেশনা
১. শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
২. উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।
৩. শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারী তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।
৫. শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।
৬. শোভাযাত্রা চলাকালে রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে।
৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে।
৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।
ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে হবে।
জন্মাষ্টমীর শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।
Leave a comment