চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতে ইসলামীর ১ জন রয়েছেন। এসব ঘটনায় বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষসহ অন্তত ৫৩৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির ২০২৬ সালের আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে সারা দেশে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। জুলাই মাসের তুলনায় আগস্টে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়েছে। জুলাইয়ে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছিলেন।
এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, আগস্টে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ২০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫২ জন আহত ও ৫ জন নিহত হয়েছেন।
বিএনপি ও জামায়াতের মধ্যে ১৮টি সংঘর্ষের ঘটনায় ২৩৩ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ৭টি সংঘর্ষে ২৬ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ১০টি সংঘর্ষে ৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের ৯টি ঘটনায় ৭১ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে ক্যাম্পাসকেন্দ্রিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ৮টি সংঘর্ষে ১৮১ জন এবং ছাত্রদল, অন্যান্য ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ৫টি ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন।
Leave a comment