বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। অথচ জনগণের সংখ্যাগরিষ্ঠের ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলবেন তারা।
তিনি বলেন, গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংকট সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুদের হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজারো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
গণমাধ্যম প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকেরা অনেক কিছু লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।
Leave a comment