সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তাঁর অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জে হামলার ঘটনার পর সিলেট নগরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমাদের ওপর হামলা হয়েছে। সামনে-পেছনে পুলিশের গাড়ি ছিল, আবার রাস্তার পাশে ৫০ জনের মতো পুলিশ দাঁড়িয়ে ছিল। এরপরও আমাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। কিন্তু পুলিশ কাউকে বাধা দেয়নি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে।’
তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস বলেন, ‘এটা বাংলাদেশের পুলিশ নয়, এটা তারেক রহমানের পেটোয়া পুলিশ।’
এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এ ঘটনার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন।
তবে হামলার অভিযোগ ও পুলিশের ভূমিকা নিয়ে বিএনপি এবং পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment