পাবনার ভাঙ্গুড়ায় কোমলমতি শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এবং ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করতে এক চমৎকার আয়োজন সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে ৫৭ জন শিশু-কিশোর বিশেষ পুরস্কার লাভ করেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার পৌর সদরের কুমড়া ডাঙ্গা জামে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, যারা রমজান মাসের পুরো ৩০ দিন নিয়মিত সালাত আদায় করেছে, তাদের মধ্য থেকে সেরা সাতজন শিশুকে বিশেষ পুরস্কার হিসেবে নতুন ‘বাইসাইকেল’ প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বাকি ৫০ জন শিশু-কিশোরের প্রত্যেককে জায়নামাজ, ছাতা, ঘড়ি ও বিস্কুটসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবহারিক সামগ্রী উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আলী আছগার বলেন, “শিশুদের সুন্দর চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে মসজিদের বিকল্প নেই। ছোটবেলা থেকেই যদি তাদের ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে তোলা যায়, তবে তারা আগামী দিনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।” তিনি এ ধরনের গঠনমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক এবং পৌর জামায়াত নেতা হাফিজ উদ্দিন বাহার। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মধ্যে নামাজের প্রতি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করে এবং তাদের বিপথগামিতা থেকে রক্ষা করে।
পুরস্কার পেয়ে শিশুদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অভিভাবকরা মনে করছেন, এমন উদ্যোগ দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে দিলে কিশোর অপরাধ নির্মূল এবং সামাজিক শান্তি বজায় রাখা সহজ হবে।
Leave a comment