টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত একটি বৃহৎ অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের শব্দে আশপাশের ঘরবাড়ি ও যানবাহন প্রবলভাবে কেঁপে ওঠে। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় সালফারের মতো তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ পোর্ট আর্থারের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার (Shelter-in-place) নির্দেশ জারি করেছে।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের একজন প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে নিশ্চিত করেছেন যে, শোধনাগারের প্রায় ৭৭০ জন কর্মীর প্রত্যেকের খোঁজ পাওয়া গেছে এবং তারা সুরক্ষিত রয়েছেন। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছের এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করে। এই দুর্ঘটনার ফলে জ্বালানি উৎপাদনে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিস্ফোরণের ভয়াবহতা সত্ত্বেও শহর কর্তৃপক্ষ এলাকা খালি করার (Evacuation) উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাসিন্দা লিখেছেন, বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল। বর্তমানে দমকল বাহিনী ও শোধনাগারের নিজস্ব নিরাপত্তা দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
Leave a comment