এমরান হোসেন । জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মাজহারী ওরফে রাজু হুজুর (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু হুজুর ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজ জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান রাজু। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- আমি ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Leave a comment