খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (৪.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে নগরের হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। জান্নাতুল মাওয়া নগরের লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মাওয়া তার বাবা-মায়ের সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় ছোট মামার বিয়ের দাওয়াতে গিয়েছিল। সেখানে অবস্থানকালে পরিবারের পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি ফিরে না আসায় তার মা ওই ব্যক্তিকে ফোন করেন। তখন ওই ব্যক্তি জানান যে, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং কিছুক্ষণ পরেই ফিরবে। তবে এরপর থেকেই ওই ব্যক্তির মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
দুপুরের পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাওয়ার সন্ধান না পেয়ে লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ ও পরিবারের সদস্যরা যৌথভাবে অনুসন্ধানে নামে। রাত ২টার দিকে হরিণটানা গেট এলাকার একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, ওই দড়ি দিয়ে শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে ঘাতককে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a comment